প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ১৩:২৮ (রবিবার)
পাগলা মসজিদের দানবক্সে ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় প্রায় পাঁচ মাস পর দানবাক্সগুলো খোলা হয়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দোতলায় এসব টাকা গণনার কাজ শুরু হয়। এতে পাঁচ শতাধিক মানুষের একটি দল অংশ নিয়েছে।

গণনায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

সাধারণত তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে প্রায় পাঁচ মাস পর খোলা হয়েছে। এ কারণে নতুন করে আরও দুটি দানবাক্স বসানো হয়েছিল।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর দানবাক্সগুলো খুলে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়।

শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা।

**সম্পাদনা নোট:** এবার ৫১ বস্তা টাকা পাওয়া গেলেও গণনা শেষে মোট অর্থের পরিমাণ এখনো জানা যায়নি। তাই শিরোনামে টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি।