প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ১৯:১৮ (রবিবার)
সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইজারার আড়ালে মরাচেলা নদী ও নদীতীরবর্তী ফসলি জমি কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে ভাঙনের হুমকিতে পড়েছে ছয়টি গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি ও ধর্মীয় প্রতিষ্ঠান। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করলেও ইজারার শর্ত ভঙ্গের অভিযোগে ইজারাদারের বিরুদ্ধে ইজারা বাতিল, জরিমানা কিংবা জামানত বাজেয়াপ্তের মতো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

চলতি অর্থবছরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদীর বালুমহাল ২৩ কোটি ৭৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। ইজারাদার শাহ্ রুবেল আহমদ। অভিযোগ রয়েছে, ইজারার সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত সীমানার বাইরে নদীর বিভিন্ন অংশ ও নদীতীরবর্তী জমিতে দিনরাত ড্রেজার ও সেভ মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়েছে। এমনকি নদীর পার ও ফসলি জমি কেটে নেওয়া হয়েছে।

এতে পূর্ব সোনাপুর, উত্তর সোনাপুর, শাহআরফিন পাড়া, হাবিবনগর, সোনাপুর ও চারগাঁও গ্রাম ভাঙনের ঝুঁকিতে পড়েছে। হুমকির মুখে রয়েছে এসব এলাকার পুরোনো মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান।

পরিবেশ অধিদপ্তরের হিসাবে, মাত্র ১০ দিনে ওই এলাকা থেকে প্রায় ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা। এ ঘটনায় স্থানীয় লোকজন ও বালুশ্রমিকসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

সরেজমিন পূর্ব সোনাপুর এলাকায় গেলে স্থানীয় একটি মসজিদের ক্যাশিয়ার মো. আব্দুল হাকিম ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁদের গ্রামে প্রায় ৬০ বছরের পুরোনো মসজিদ-মাদ্রাসাসহ চারটি প্রতিষ্ঠান রয়েছে। অথচ এসব প্রতিষ্ঠানের রক্ষক হওয়ার কথা যাদের, তারাই এখন ভক্ষক হয়ে উঠেছেন। নদীতীরবর্তী যেসব জমিতে তাঁরা ফসল ফলাতেন, ড্রেজার দিয়ে বালু তুলতে তুলতে সেসব জমি পুরোপুরি বিলীন করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার ইজারা দিয়েছে মূল নদী। কিন্তু ইজারার দোহাই দিয়ে নদীর পার ও ফসলি জমি কেটে নেওয়া হয়েছে।

প্রভাবশালীদের নাম প্রকাশ না করার শর্তে আব্দুল হাকিম আরও বলেন, কাঁচা টাকার লোভে এলাকার অনেক মানুষ বালু লুটে সহযোগিতা করছেন। অন্যরা প্রতিবাদ করতে পারছেন না, আবার এই ক্ষতিও নীরবে সহ্য করতে পারছেন না। তাঁদের ঘরে বসে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারা অনুযায়ী, নদীর তীরভাঙনের আশঙ্কা তৈরি হয় কিংবা পরিবেশ ও ফসলি জমির ক্ষতি হতে পারে- এমন স্থানে বালু উত্তোলন নিষিদ্ধ। নিষিদ্ধ ড্রেজার ব্যবহার করেও বালু তোলা যাবে না।

আইনের শর্ত ভঙ্গ করলে জেলা প্রশাসক ইজারা বাতিল, প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত এবং জামানত বাজেয়াপ্ত করতে পারেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ের সুযোগ রয়েছে। আইনের ১৫ ধারায় এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

অন্যদিকে, ২০২৬ সালের ইজারা চুক্তির ৯ নম্বর শর্তে সূর্যাস্তের পর বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। ১৯ নম্বর শর্তে অনুমতি ছাড়া ড্রেজার ব্যবহার নিষিদ্ধ। এ ছাড়া ১৮ ও ২৩ নম্বর শর্তে চুক্তি ভঙ্গের ক্ষেত্রে ইজারা বাতিল এবং ক্ষতিগ্রস্ত স্থানীয়দের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার বলেন, মরাচেলা নদীতে বালু লুটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর পাঁচ কোটি টাকার মামলা করেছে। তবে সেখানে আরও বেশি টাকার বালু লুট হয়েছে। ইজারাদার নির্দিষ্ট এলাকা থেকে বালু উত্তোলনের অনুমতি নিয়েছেন। সেই এলাকার বাইরে কিংবা আশপাশে ড্রেজার দিয়ে নদীর পার ও জমি কেটে বালু তুললে এর দায় তিনি এড়াতে পারেন না।

তিনি আরও বলেন, শ্রমিকদের বিরুদ্ধে মামলা হলেও ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বালু লুট বন্ধ করা যাচ্ছে না।

অভিযোগ অস্বীকার করে ইজারাদার শাহ্ রুবেল আহমদ বলেন, নদীতে পানি কমে যাওয়ায় বর্তমানে বালু উত্তোলন প্রায় বন্ধ রয়েছে। নদী খননের জন্য এক্সক্যাভেটর (ভেকু) ব্যবহার করা হচ্ছে। এখন প্রতিদিন মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা রয়্যালটি আদায় হচ্ছে। তাঁরা নিজেরাই লোকসানে রয়েছেন।

তিনি দাবি করেন, ইজারাধীন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কোনো ঘটনা ঘটেনি। বরং মরাচেলা নদীর পার কাটার বিষয়ে এক মাস আগেই তিনি নিজে লিখিত আবেদন করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, চেলা ও মরাচেলা নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় ইজারাবহির্ভূত এলাকায় নদীর পার কেটে বালু উত্তোলন করতে দেখা গেছে। ইজারাদার তখন দাবি করেছিলেন, ওই বালু উত্তোলনের রয়্যালটিও তাঁরা পাননি। এ কারণে মামলায় ইজারাদারকে আসামি করা যায়নি।

ইজারা নীতিমালা লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, ইজারাধীন বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে। সীমানার বাইরে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের সময় ঘটনাস্থলে যাদের পাওয়া যায়, তাদেরই শাস্তির আওতায় আনা হয়।

তিনি আরও বলেন, ইজারা নীতিমালার ব্যত্যয়ের বিষয়ে ইজারাদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার দায়িত্ব রাজস্ব বিভাগের। তাঁর জানামতে, ইজারাদারকেও শোকজ করা হয়েছে।