শাহরিয়ার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি পাথরশ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সীমান্তের মরকিটিলা এলাকা থেকে তাঁকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে পাথর সংগ্রহ করতে মরকিটিলা এলাকায় গিয়েছিলেন শাহরিয়ার। একপর্যায়ে পাথর সংগ্রহের জন্য তাঁরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তাঁর ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাকে হাদারপার বাজারের একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ।
তিনি বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাঁকে আটক করেছে। তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।