প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ২১:১৩ (রবিবার)
মৌলভীবাজারে টানা বৃষ্টিতে আমন ও শীতকালীন সবজি নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে। নিচু জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াই নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একই সঙ্গে শীতকালীন সবজি এবং বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

উপজেলার মাঠজুড়ে যখন সোনালি ধান কাটার প্রস্তুতি চলছিল, তখনই গত মঙ্গলবার রাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। পাশাপাশি লাউ, রাঙা আলু, আলু, বেগুন ও করলাসহ বিভিন্ন শীতকালীন সবজি রোপণ এবং বোরো ধানের বীজতলা তৈরির কাজও চলছিল। বৃষ্টিতে এসব ফসলের ক্ষতির আশঙ্কায় হতাশায় দিন কাটছে কৃষকদের।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান বৃষ্টির পানিতে নুয়ে পড়েছে। অনেক নিচু জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। সদ্য রোপণ করা সবজির ক্ষেত এবং চারা অবস্থায় থাকা ফসলের জমিতে পানি জমেছে। বোরো ধানের বীজতলাতেও পানি জমে বীজ ও চারা পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, বৈরী আবহাওয়ার পাশাপাশি ধানের ন্যায্যমূল্য না পাওয়া এবং কৃষিশ্রমিকের সংকটে তাঁরা আগে থেকেই চাপে রয়েছেন। এখন বৃষ্টিতে ফসলের ক্ষতি হলে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়বে।

পৃথিমপাশা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক ফয়জুল হক, আছকর আলী ও আব্দুর রহমান বলেন, মনু নদীর চরে মৌসুমের শুরুতেই তাঁরা লাউ, বেগুন, আলু, ফরাস শিম ও করলার চারা লাগিয়েছিলেন। বৃষ্টিতে সবজিক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁরা জানান, প্রতিবছর সরকারের কাছ থেকে রবিশস্যের বীজ পেলেও চলতি বছর এখন পর্যন্ত কোনো বীজ পাননি। প্রতি কেজি আলুর বীজ ৭০ থেকে ৮০ টাকা দরে কিনে জমিতে রোপণ করেছিলেন।

হাওর তীরবর্তী জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিবপুর গ্রামের কৃষক মালিক মিয়া ও ময়না মিয়া জানান, তাঁরা প্রতিবছর ১৫ থেকে ২০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেন। এবার বীজতলা তৈরি করে বীজ ফেলার পরপরই বৃষ্টি শুরু হয়েছে। এতে বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজি গ্রামের কৃষক আনোয়ার হোসেন, মাসুক আহমদ, আব্দুল মুতলিব, ছালেক মিয়া ও শফিক মিয়া বলেন, মাঠের পাকা ধান সময়মতো ঘরে তুলতে না পারলে ফসলের পরিমাণ ও গুণগত মান- দুটিই ক্ষতিগ্রস্ত হবে। তাঁরা বলেন, এমনিতেই ধানের দাম কম, শ্রমিক পাওয়া যায় না। তার ওপর বৃষ্টিতে নুয়ে পড়া ধান কম্বাইন হারভেস্টার দিয়েও কাটা যাচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এ বছর কুলাউড়ায় ১৯ হাজার ৩৫৮ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বর্তমানে ফসল কাটা চলছে। আশা করা হচ্ছে, দু-এক দিনের মধ্যে আবহাওয়া অনুকূলে ফিরে আসবে। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হবে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ৮৯০ হেক্টর জমিতে বোরো ধান এবং ১ হাজার ২৯৬ হেক্টর জমিতে রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে রবিশস্যের বীজ বরাদ্দ না আসায় এ বছর কৃষকদের মধ্যে তা বিতরণ করা সম্ভব হয়নি। তবে ক্ষয়ক্ষতি কমাতে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।