প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ২২:৪৩ (সোমবার)
সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সিলেট সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও বিশিষ্টজনদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান।

শুরুতে বক্তব্য দেন ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আফতাব হোসেন।

বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

মেজর জেনারেল মো. আফতাব হোসেন বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য ডা. সাখাওয়াত হোসেন জীবন ও এমরান আহমদ চৌধুরী।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি সেনাসদস্যরা শারীরিক কসরত প্রদর্শন করেন।