প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ ১৮:২৪ (রবিবার)
মালয়েশিয়ার ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা দিল হাইকমিশন

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও বিভিন্ন কনস্যুলার সেবা দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

২১ ও ২২ নভেম্বর পেনাংয়ের সিভিল মিনি ট্রান্সফার (সিবিএল মানি ট্রান্সফার) কেন্দ্রে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্ট নিবন্ধন ও পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণের পাশাপাশি প্রবাসীদের ভ্রমণ অনুমতিপত্র (ট্রাভেল পারমিট), পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্রসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়।

পেনাংসহ আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কুয়ালালামপুরে না গিয়ে কাছাকাছি স্থানে প্রয়োজনীয় পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ তৈরি করাই ছিল এ বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে প্রবাসীদের সময় ও যাতায়াত খরচ সাশ্রয়ের পাশাপাশি পাসপোর্টসংক্রান্ত জরুরি কার্যক্রম সম্পন্ন করা সহজ হয়েছে।

ক্যাম্প চলাকালে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন পরিহার, দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা এবং স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় পাসপোর্ট ও জরুরি কনস্যুলার সেবা পৌঁছে দিতে এ ধরনের বিশেষ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা তৈরিতেও এ উদ্যোগ সহায়ক হবে।