প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ ১৮:৩৩ (রবিবার)
বিএনপির দলে ফেরানোর তালিকায় সিলেট বিভাগের চার বহিস্কৃত নেতা

ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ প্রক্রিয়ায় সিলেট বিভাগের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নামও আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ায় তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। তাদের মধ্যে ৯১ জন ছিলেন গুরুত্বপূর্ণ নেতা। এবার অভ্যন্তরীণ বিরোধ নিরসন, দলীয় ঐক্য প্রতিষ্ঠা এবং তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়াতে বহিষ্কৃতদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি।

ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতাকর্মী দলে ফেরার আবেদন করে কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি জমা দিয়েছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে অন্তত ৫০০ নেতাকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বিএনপির। তাদের মধ্যে ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থী রয়েছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাব্য তালিকায় সিলেট বিভাগের চার নেতার নাম থাকায় স্থানীয় বিএনপির রাজনীতিতে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), সুনামগঞ্জের আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন এবং মৌলভীবাজারের মহসিন মিয়া মধুর দলে ফেরার সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিভেদ ও গ্রুপিং-কোন্দল নিরসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যেই বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর প্রক্রিয়া চলছে।

ইতোমধ্যে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। একই প্রক্রিয়ায় অন্য নেতাদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে নেওয়ার অংশ হিসেবে বহিষ্কৃতদের দলে ফেরানোর আলোচনা চলছে। কয়েকটি ধাপে পর্যায়ক্রমে সবাইকে দলে ফিরিয়ে নেওয়া হবে।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের মধ্যে সাতজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন। তাদেরও বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বহিষ্কৃত একাধিক নেতা জানান, কেউ কেউ দলে ফেরার জন্য আবেদন করেছেন। আবার অনেকে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। হাইকমান্ডের ইতিবাচক সংকেত পেলে তারাও আবেদন করবেন। তাদের মতে, দলে ফেরার আবেদন অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকতা মাত্র। হাইকমান্ড চাইলে যেকোনো নেতাকে ফিরিয়ে নিতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ সফল হলে তৃণমূলের দীর্ঘদিনের বিরোধ অনেকটাই কমে আসবে। এতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দল শক্তিশালী হবে।

সিলেট বিভাগের চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে কেন্দ্রীয় পর্যায়ে বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে তাদের নাম সম্ভাব্য তালিকায় থাকায় সিলেট বিভাগের বিএনপির রাজনীতিতে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।