প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ ২১:১০ (রবিবার)
প্রশস্ত হচ্ছে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক

ছবি: সংগৃহীত

সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ২৬ দশমিক ১০৫ কিলোমিটার অংশ প্রশস্ত ও উন্নীত করা হচ্ছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৫৫ কোটি ৬৯ লাখ টাকা। ১৮ মাসের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জি কে গউছ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

সভায় জানানো হয়, সরাইল–নাসিরনগর–লাখাই–হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের (আর-২২০) হবিগঞ্জ অংশের বর্তমান ৫ দশমিক ৫০ মিটার প্রস্থ বাড়িয়ে ১০ দশমিক ৩০ মিটার করা হবে।

সভায় প্রকল্পের বর্তমান অগ্রগতি, প্রস্তাবিত সড়ক উন্নয়ন কার্যক্রম এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে হবিগঞ্জ জেলার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাতায়াত সহজীকরণ এবং জনসাধারণের চলাচলে স্বাচ্ছন্দ্য বাড়বে।