প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ ২১:৪৩ (রবিবার)
সিলেটে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের

ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট অনুসারীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘যেমন কুকুর তেমন মুগুর লাগবে। ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে তাদের। ওদের বিষদাঁত ভেঙে দিয়ে সমূলে উৎখাত না করলে দেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে চাইবে।’

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেটে প্রতিবাদ সমাবেশ করবে জেলা ও মহানগর বিএনপি। ওই দিন বিকেল ৩টায় নগরের রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আরিফুল হক চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা দেশের ইতিহাসে জঘন্যতম অধ্যায়। পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার দেশে ফেরার কথিত কাল্পনিক ও মিথ্যা প্রচারণাকে কেন্দ্র করে তাণ্ডবলীলা ফ্যাসিস্টদের নির্মমতার আরেকটি নিকৃষ্ট উদাহরণ। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশ ও জাতির প্রতি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে দলমত-নির্বিশেষে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, পরিকল্পিত এই নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিষিদ্ধ হওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছে।

মন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭ থেকে ১৮ বছর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে মানুষ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এত বছর ধরে বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা হয়েছে। এখন বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর বিরোধী দলে থেকেও বিএনপি পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখে রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অন্যদিকে আওয়ামী লীগের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, রয়েছে শুধু সন্ত্রাস।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসাংগঠনিক সম্পাদক ও ওয়াসার চেয়ারম্যান মিফতা সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেকিম চৌধুরী, পিপি আসিক উদ্দিন আশিক, জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী ও মাহবুবুর রব ফয়ছলসহ দলীয় নেতারা।