প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ ২১:৫৭ (রবিবার)
বিচ ভলিবলে পুলিশকে হারিয়ে আনসার নারীদের শিরোপা জয়

ছবি: সংগৃহীত

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী ‘এ’ দল। ফাইনালে বাংলাদেশ পুলিশ নারী ‘এ’ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতেছে তারা।

রোববার (২২ নভেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত ফাইনালে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দক্ষতা ও নৈপুণ্যে জয় নিশ্চিত করে আনসার ও ভিডিপির নারী দল।

এ সাফল্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানিয়ে খেলাধুলায় সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে ১২টি এবং পুরুষ বিভাগে ২৪টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় নারী বিভাগে আনসার ও ভিডিপির নারী ‘এ’ দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নারী ‘বি’ দল তৃতীয় স্থান অর্জন করে। পুরুষ বিভাগে আনসার ও ভিডিপির পুরুষ ‘বি’ দল চতুর্থ স্থান অর্জন করে।

অন্যদিকে পুরুষ ‘এ’ দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনেও সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এবারের বিচ ভলিবল প্রতিযোগিতায় নারী দলের শিরোপা জয় এবং অন্য দলগুলোর সাফল্য বাহিনীর ক্রীড়াক্ষেত্রে অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে বলে আশা সংশ্লিষ্টদের।