ছবি: সংগৃহীত
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট-গাইড ও অনুশীলন সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
রোববার (২২ নভেম্বর) এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সব শ্রেণির সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক ও স্বত্বাধিকারীদের এ সিদ্ধান্ত কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতি জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।