ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ৩৮ বাংলাদেশিসহ ৫২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (২২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পরিচালিত এ অভিযানে ৬৪ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি এবং কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জাইন অভিযানে অংশ নেন।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে যাচাই করা ৬৪ জনের মধ্যে ৫৬ জন ছিলেন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ৩৮ জন বাংলাদেশি পুরুষ, ১০ জন ইন্দোনেশীয় পুরুষ, তিনজন ইন্দোনেশীয় নারী এবং একজন মিয়ানমারের নাগরিক। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ৫২ জনকে আটক করা হয়।
লোকমান এফেন্দি জানান, আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে। তাঁদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেদাহ অভিবাসন কার্যালয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া তদন্তের স্বার্থে একটি সাক্ষী তলবের নোটিশও জারি করা হয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিদের অধিকাংশের কাছেই বৈধ ভ্রমণ নথি কিংবা কাজের অনুমতিপত্র ছিল না। আবার কয়েকজন বিদেশি কর্মী এমন প্রতিষ্ঠানে কাজ করছিলেন, যে প্রতিষ্ঠানের নামে তাঁদের কাজের অনুমতিপত্র ইস্যু করা হয়নি।
নিয়োগকর্তাদের সতর্ক করে লোকমান এফেন্দি বলেন, বিদেশি কর্মীদের অবশ্যই বৈধ অস্থায়ী কর্মানুমতিপত্র (পিএলকেএস) থাকতে হবে। পাশাপাশি অনুমোদিত নিয়োগকর্তার অধীনে এবং নির্ধারিত কর্মখাতেই তাঁদের কাজ করতে হবে। অন্য প্রতিষ্ঠানের নামে ইস্যু করা অনুমতিপত্র ব্যবহার কিংবা অনুমোদিত খাতের বাইরে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।
এদিকে মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ১২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬ হাজার ৪২৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সময়ে ১ লাখ ৬১ হাজার ৭৪৮ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়েছে। এ ছাড়া আইন লঙ্ঘনের দায়ে দুই হাজারের বেশি নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি সেলাঙ্গর রাজ্যের মেরু এলাকার একটি কারখানায় বিশেষ অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান লোকমান এফেন্দি। তিনি বলেন, প্রতিদিন গড়ে ৩৭টির বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। অভিযানের ক্ষেত্রে দিনের কোনো সময়কেই বাদ রাখা হচ্ছে না। এ পর্যন্ত ৫২ হাজার ৭৪৩ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
লোকমান এফেন্দি আরও বলেন, শুধু বিদেশি কর্মীদের বিরুদ্ধে নয়, অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তাকারী ব্যক্তি, নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও অভিযানের আওতায় আনা হচ্ছে। বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে শ্রম বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষ।
তিনি জানান, অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধিমালা ১৯৬৩ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন ২০০৭ লঙ্ঘনকারীদের শনাক্ত, আটক, বিচারের মুখোমুখি করা এবং নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে মেরু এলাকার একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ। বিভাগের উপমহাপরিচালক লোকমান এফেন্দি এবং প্রয়োগ বিভাগের পরিচালক দাতুক বাসরি ওসমান অভিযানে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার উপদ্বীপাঞ্চলীয় শ্রম বিভাগের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ১৩১ জন বিদেশি পুরুষ কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। তাঁদের মধ্যে ৭১ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ১৯ জন নেপালি এবং একজন তাইওয়ানের নাগরিক। তাঁদের বিরুদ্ধে অতিরিক্ত সময় অবস্থান, অনুমোদিত পাসের অপব্যবহার এবং বৈধ পরিচয়পত্র না থাকার অভিযোগ আনা হয়েছে।
অভিযানকালে কারখানার ভেতরে কর্মীদের আবাসন ব্যবস্থায় অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনার চিত্রও উঠে আসে। তাঁদের থাকার জায়গা ছিল অতিরিক্ত ঘনবসতিপূর্ণ এবং নির্ধারিত নিরাপত্তামানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিবাসন বিভাগের আটককেন্দ্রে পাঠানো হয়েছে।
এ ছাড়া গত বুধবার থেকে দেশজুড়ে ৩৪টি কারখানায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১ হাজার ৭০২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে ৫১৯ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি নিয়োগকর্তা ও কারখানার মালিকদের বিরুদ্ধে তদন্তের জন্য ৪২টি সাক্ষী তলবের নোটিশ জারি করা হয়েছে।
অন্যদিকে শ্রম বিভাগ কর্মীদের আবাসন, বাসস্থান ও সুযোগ-সুবিধার ন্যূনতম মানসংক্রান্ত আইন ১৯৯০ (আইন ৪৪৬) এবং শ্রম আইন ১৯৫৫ অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।