প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬ ২২:৫০ (সোমবার)
সিলেটে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে স্বামী রুহুল আমিন হত্যার দায়েরকৃত মামলায় এক স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দন্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে অরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা আদালত নং-৩ এর বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামির নাম নাদিয়া বেগম উরফে লতি (৪৫)। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার বশিয়া খউরী (তোতা লন্ডনীর বাড়ী) গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। বর্তমানে তিনি গোলাপগঞ্জ থানার হিলালপুর গ্রামের মুজিবুর রহমানের ভাড়াটিয়া বাসার বাসিন্দা ছিলেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামি নাদিয়া বেগম উরফে লতির সাথে ঘটনার ৭/৮ বছর আগে গোলাপগঞ্জ থানার লামাদমজা গ্রামের মো. শাহিদুর রহমানের ছেলে স্থানীয় একটি মসজিদের ইমাম রুহুল আমিনের (৩৭) বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসারে কোন সন্তানাদি না হওয়াতে রুহুল আমিন আরেকটি বিবাহ করেন। এ নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলে আসছিলো। ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১টা থেকে দেড়টার দিকে পারিবারিক কলহের জের ধরে নাদিয়া বেগম কৌশলে রুহুল আমিনকে চেতনানাশক ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন এবং পরবর্তীতে তিনি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে স্বামীকে হত্যা করে লাশ খাঁটের নিচে লুকিয়ে রাখেন।

পরদিন তিনি স্বামী নিঁখোজের সংবাদ প্রচার করতে থাকেন। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং স্ত্রী নাদিয়া বেগম উরফে লতিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিহত রুহুল আমিনের পিতা মো. শাহিদুর রহমান বাদি হয়ে একমাত্র নাদিয়া বেগম উরফে লতিকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নং- ১৪ (২০/১০/২০২৪ইং), জিআর নং-১৮২/২০২৪ইং এবং দায়রা নং-১৬১/২০২৬ইং।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ আগষ্ট গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ আবু সাঈদ পিপিএম একমাত্র আসামি নাদিয়া বেগম উরফে লতিকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র নং- ১৫০) দাখিল করেন।

পরবর্তীতে আদালত চার্জগঠন করে এ মামলার বিচারকার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল সোমবার আদালত আসামি নাদিয়া বেগম উরফে লতিকে ১৮৬০ সালের ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদন্ড ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

রাষ্ট্রপক্ষে এডিশনাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক, বাদীপক্ষে অ্যাডভোকেট শংকর লাল দাস ও আসামিপক্ষে অ্যাডভোকেট হাসিনা মমতাজ মামলাটি পরিচালনা করেন।