প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬ ২২:৫৬ (সোমবার)
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের উপশাখা চালু

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসির ২৯৩তম উপশাখা ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় উপশাখা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন (টি আর প্যালেস)-এ উপশাখাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণের জন্য সহজলভ্য ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উপশাখা চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন এবং পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. ফজলুল কবীর চৌধুরী, হবিগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান সমবারু চন্দ্র মহন্ত এবং মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান প্রদ্যোৎ কান্তি দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির হবিগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান মোহাম্মদ ফসিহ উদ্দিন মাহতাব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম গতিশীল ও কার্যকর করতে শিক্ষা ও গবেষণার পাশাপাশি আর্থিক ও প্রাতিষ্ঠানিক সেবার সহজপ্রাপ্যতা গুরুত্বপূর্ণ। নতুন এ উপশাখা চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সহজে সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার মানুষও এ সেবা গ্রহণের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। ক্যাম্পাসে ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নেওয়ায় তিনি পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

নতুন উপশাখাটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় জনগণও একই স্থানে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসির ২৯৩তম উপশাখা হিসেবে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় উপশাখা’ চালুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার নতুন পরিসর যুক্ত হলো।