সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে। মারা যাওয়া তিন শিশুর সবাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর প্রত্যেকের বয়স দেড় বছরের কম। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৪ জন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে সাড়ে ৫ শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানান, হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের অনেকেই নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। আক্রান্ত ও মৃত শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত এলাকার বাসিন্দা।
এদিকে শিশুদের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।