সিলেট মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতভর ছয় থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ৮ জনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও মহানগর অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
এ সময় ৮০টি ইয়াবা ও ৭৫টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসএমপির আওতাধীন ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও ৮ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের মোটরসাইকেল মহড়া, ব্লক রেইড, যানবাহনে তল্লাশি ও চেকপোস্ট বসানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব কার্যক্রমের মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হয়।
এদিকে ট্রাফিক পুলিশের অভিযানে আগের ২৪ ঘণ্টায় ১৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৩টি আটক করা হয়। রাতের বিশেষ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে আরও ৩টি যানবাহন আটক ও ৩টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
এসএমপি জানায়, গ্রেফতার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।