সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মাছ ধরার কাজে ব্যবহৃত প্লাস্টিকের ছাইচের (মাছ ধরার ফাঁদ) অবাধ ব্যবহারে পরিবেশদূষণ ও জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ছাইচ ব্যবহারের পর পরিত্যক্ত অবস্থায় জমি ও জলাশয়ে পড়ে থাকায় মাটির উর্বরতা হ্রাস, পানি দূষণ এবং জলজ প্রাণীর খাদ্যশৃঙ্খলে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে হাওর-সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শনে দেখা গেছে, কৃষিজমি ও হাওরের তীরবর্তী এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য প্লাস্টিকের ছাইচ। প্রতি শতক জমিতে অন্তত চার থেকে পাঁচটি ছাইচের উপস্থিতি লক্ষ করা গেছে। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার পর অনেক ছাইচ জমি ও জলাশয়ের আশপাশে ফেলে রাখা হচ্ছে। এতে হাওরের পরিবেশ ও কৃষিজমির মাটি দূষিত হওয়ার ঝুঁকি বাড়ছে।
মাছ ধরার এসব প্লাস্টিকের ছাইচ নষ্ট হয়ে গেলে অনেক সময় সেগুলো পানিতে কিংবা তীরবর্তী জমিতে পড়ে থাকে। রোদ, বৃষ্টি ও পানির সংস্পর্শে প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হতে পারে। এসব কণা জলাশয়ের পানিতে মিশে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর খাদ্যশৃঙ্খলে প্রবেশের আশঙ্কা রয়েছে। এতে দীর্ঘমেয়াদে জলজ পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসয়াদ বিন খলিল রাহাত বলেন, "প্লাস্টিকের ছাইচ চাষাবাদের মাধ্যমে মাটিতে মিশে গেলে মাটির উর্বরতা হ্রাস পাবে। মাটি দূষিত হবে। তাছাড়া এই ছাইচগুলো জলাশয়ের পানিতে মিশে মাছ ও অন্যান্য প্রাণীর খাদ্যের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।"
পরিবেশবিদ মেহেদী হাসান শাওন বলেন, "প্লাস্টিকের ছাইচে শুধু মাছই আটকে থাকে না, অন্যান্য জলজ প্রাণীও আটকে মারা যায়। জলাভূমিতে প্লাস্টিকের এসব ছাইচ জমতে থাকলে জলজ উদ্ভিদ, মাছ, পাখি ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ টাঙ্গুয়ার হাওরের মতো জলাভূমিতে প্লাস্টিক বর্জ্যের বিস্তার দীর্ঘমেয়াদে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে।"
পরিবেশের ভারসাম্য রক্ষায় হাওরে প্লাস্টিকের ছাইচ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, নষ্ট ও পরিত্যক্ত ছাইচ নির্দিষ্ট স্থানে সংগ্রহ এবং জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নিয়মিত নজরদারি এবং প্লাস্টিক বর্জ্য অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশসংশ্লিষ্টরা।