ছবি: সংগৃহীত
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর উত্তরপত্র পুনর্মূল্যায়নেও পাস করতে না পারা শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে এ জন্য আগে থেকেই সম্পূরক পরীক্ষার আবেদন করতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও পাস করতে পারেননি, তারা সম্পূরক পরীক্ষায় বসতে পারবেন। তবে যারা নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার জন্য আবেদন করেননি, তাদের আর অংশ নেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, পুনর্মূল্যায়নে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কেউ পাস করলে তার আর সম্পূরক পরীক্ষা দেওয়ার প্রয়োজন বা সুযোগ থাকবে না।
এবারই প্রথম উচ্চমাধ্যমিক পর্যায়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার আবেদনের শেষ সময় ছিল ১৯ নভেম্বর।
সোমবার প্রকাশিত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফলে দেখা গেছে, এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। এর মধ্যে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন এবং ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।