প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:৪২ (মঙ্গলবার)
শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগ, তথ্য সরবরাহের সন্দেহে প্রভাষককে শোকজ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংক্রান্ত তথ্য সাংবাদিকদের কাছে পৌঁছানোর সন্দেহে এক প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন অধ্যক্ষ। তবে এ ঘটনায় শোকজের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তাঁর ভাষ্য, সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সহায়তা হয়।

শোকজপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাস চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

সোমবার (২৩ নভেম্বর) অধ্যক্ষ মোহন মিয়া স্বাক্ষরিত নোটিশে তাঁকে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অভিযোগের কপি সাংবাদিকদের কাছে পাঠানোর মাধ্যমে ওই শিক্ষক শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং সরকারি চাকরি বিধিমালা, ২০১৮ লঙ্ঘন করেছেন।

শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন। তিনি বলেন, ‘অভিযোগটি তাঁর বরাবর দেওয়া হয়েছে। সেটি বাইরে যাবে কেন, সাংবাদিকদের কাছেই বা যাবে কেন? এতে আইন লঙ্ঘন হয়েছে।’

তবে শোকজপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাস অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এই শোকজের মাধ্যমে তাঁর মানহানি করা হয়েছে। তিনি কোনো সাংবাদিকের কাছে তথ্য দেননি। অভিযোগের কপি যে কেউ যেকোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন আগে তাঁরা প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে অভিযোগ দিয়েছেন। কিন্তু সেই অভিযোগের তদন্ত বা বিচার না করে উল্টো তাঁদেরই শোকজ করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ মোহন মিয়াকে একাধিকবার ফোন ও মেসেজ দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

মাধবপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘এ ক্ষেত্রে শোকজ করার কী রয়েছে? প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তাঁর কাছে জমা রয়েছে। সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সহায়তা হয়।’

প্রসঙ্গত, চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।