প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:৫৩ (মঙ্গলবার)
সিলেট ওসমানী বিমানবন্দরেও চালু হচ্ছে আধুনিক প্রযুক্তি

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ বা ‘বার্ড হিট’ ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। দেশের বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নিতে বলা হয়েছে। এ উদ্যোগের আওতায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় এসব নির্দেশনা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, নিরাপদে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা এভিয়েশন খাতের উন্নয়নের অন্যতম শর্ত। সাম্প্রতিক সময়ে পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষের তথ্য যাচাই করে বিমানবন্দরগুলোতে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নিতে হবে। নিরাপদ উড্ডয়ন এলাকা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর। দেশি-বিদেশি যাত্রী ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের কারণে এ বিমানবন্দরে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা বিশেষ গুরুত্বপূর্ণ। পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষের ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও কার্যকর নজরদারি ব্যবস্থা এ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় কার্যক্রমের সমন্বয় ও অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি তিন মাস অন্তর কমিটির বৈঠক আয়োজনের নির্দেশ দেন মন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির সদস্যরা।