প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬ ২০:২৮ (মঙ্গলবার)
সিলেটে ধলাই নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, ৪ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীর পাড় ধ্বংস করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে তিনটি ট্রাক আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বালুচর এলাকা থেকে একজন এবং কলাবাড়ী এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। তাঁরা ধলাই নদীর পাড় ধ্বংস করে বালু ও পাথর উত্তোলনের সময় হাতেনাতে ধরা পড়েন।

পরে আটক ব্যক্তিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ধলাই সেতু এলাকায় ইজারাবহির্ভূত স্থান থেকে উত্তোলিত বালু পরিবহনের সময় তিনটি ট্রাক আটক করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।