ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন-২০২৬। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ১৩টি সমান্তরাল অধিবেশনে ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করবেন দেশি-বিদেশি গবেষকেরা।
‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের বিস্তারিত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে তুলে ধরেন আয়োজকেরা।
লিখিত বক্তব্যে সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম জানান, সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১২৬টি গবেষণাপত্র চূড়ান্তভাবে নির্বাচিত ও নিবন্ধিত হয়েছে। এসব গবেষণাপত্র ১৩টি সমান্তরাল অধিবেশনে উপস্থাপন করা হবে।
গবেষণাপত্রগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য, কাজী নজরুল ইসলাম, মুসলিম সাহিত্য সমাজ, সাহিত্য সমালোচনা, লোকসংস্কৃতি, ভাষা ও সমাজ, নারী ও সমাজ, রাজনীতি, পরিবেশ এবং সমকালীন সামাজিক-সাংস্কৃতিক নানা প্রসঙ্গ।
অধ্যাপক রিজাউল ইসলাম বলেন, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং কাজী নজরুল ইসলামের সিলেট-সংযোগের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য বিবেচনায় সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। মুসলিম সাহিত্য সমাজের অন্যতম লক্ষ্য ছিল তৎকালীন বাঙালি মুসলমান সমাজে মুক্তবুদ্ধির চর্চা, প্রগতিশীল চিন্তার বিকাশ ও বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। অন্যদিকে, সিলেটে নজরুলের আগমন এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি বলেন, শতবর্ষ পর এ দুটি ঐতিহাসিক বিষয়কে একসূত্রে এনে সম্মেলনে সংশ্লিষ্ট ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার ও সমকালীন চিন্তার বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।
সম্মেলনে মূল আলোচকের বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। বিশেষ বক্তা হিসেবে থাকবেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।
এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি, বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক খিলখিল কাজীর উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণা আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
সংবাদ সম্মেলনে সম্মেলনের সদস্যসচিব অধ্যাপক ড. মো. ফয়জুল হকসহ বাংলা বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।