প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬ ২২:১১ (মঙ্গলবার)
সিলেটে জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

ছবি: সংগৃহীত

জুলকার নায়েন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রবাসে থেকেও ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েন দেশের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন, তা অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। ফাউন্ডেশনের বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চেক আপের মাধ্যমে ইতোমধ্যে অনেক মানুষ উপকৃত হয়েছেন। তাঁরা নিজেদের শারীরিক অবস্থা ও রোগ সম্পর্কে জানতে পারছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব রোগ সম্পর্কে অসচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে অনেক মানুষ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছেন। তাই সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সচেতনতা তৈরিতে জুলকার নায়েন ফাউন্ডেশনের বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরিমাপের এই মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টায় জুলকার নায়েন ফাউন্ডেশনের বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ (প্রেসার) পরিমাপ কার্যক্রমের সাত বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যকার আতিকুস সালাম আতিক রাহি এর সভাপতিত্বে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মুক্তা আহমদ, ইব্রাহীম খলিল, বরকতিয়া সুপার মার্কেট সাবেক সভাপতি সিরাজউদ্দিন, বর্তমান সভাপতি  আং লতিফ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, আতিকুর রহমান আফিক, আমিন উদ্দিন, মাসুম আহমদ, মুক্তাদিও আহমদ, নুরুল ইসলাম খলিল, টিপু আহমদ।

‎লুৎফুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাহেরুল ইসলাম।

‎উল্লেখ্য, জুলকার নায়েন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা কর্মসূচি পরিচালনা করে আসছে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়া পবিত্র রমজান মাসে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদ উপলক্ষে সহায়তা প্রদান এবং বিভিন্ন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি।

অনুষ্ঠানে বেশ কিছু সংখ্যক রোগীদের ব্লাড প্রেসার ও ডায়াবেটিক পরিমাপ করেন দুলাল আহমদ, লুৎফুর রহমান ও নুরুল হক।