প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬ ২২:১৯ (মঙ্গলবার)
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দ্রুত করতে কানাডাকে অনুরোধ

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে কানাডার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে বৈঠকে তিনি এসব অনুরোধ জানান।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন শামা ওবায়েদ। বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে কানাডার ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কানাডায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রধানমন্ত্রীর রূপকল্প তুলে ধরে সৃজনশীল অর্থনীতিতে নারীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

তিনি জানান, ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন কানাডীয় ডলারে পৌঁছেছে। এ বাণিজ্য আরও বহুমুখী করার পাশাপাশি বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশের উন্নয়নে কানাডার সহযোগিতার প্রশংসা করে তিনি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশকে আরও তিন বছর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেওয়ার সিদ্ধান্তের জন্য দেশটিকে ধন্যবাদ জানান।

বৈঠকে অবৈধ অভিবাসন রোধে সরকারের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, এ উদ্যোগের মাধ্যমে দক্ষ অভিবাসনের সুযোগ আরও বাড়বে।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সংকটে কানাডার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় কানাডার সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান তিনি।

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা, ১৯ নভেম্বরের আন্তর্জাতিক বিচার আদালতের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে কানাডার সমর্থন কামনা করেন শামা ওবায়েদ।