প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬ ২২:৩৫ (মঙ্গলবার)
সিলেটসহ সারা দেশে বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সিলেটসহ সারা দেশে বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকায় ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। নতুন ভোটার যুক্ত হওয়ায় চূড়ান্ত তালিকায় এ সংখ্যা আরও বাড়বে।

এদিকে, ইউপি নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের উপযোগী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের তালিকা সংগ্রহ করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের তালিকা সংগ্রহ করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদভিত্তিক তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়কে জানাতে হবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রিজাইডিং অফিসার হিসেবে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা এবং ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। এ ছাড়া সরকারি ও সরকার অনুমোদিত কলেজ, মাদ্রাসা ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিমা ও করপোরেশনের কর্মকর্তাদেরও এ প্যানেলে রাখা যাবে।