প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৮ (বুধবার)
সিকৃবিসহ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে আজ বুধবার (২৫ নভেম্বর)। আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার আবেদনের যোগ্যতার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনা হয়েছে।

কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়া যাবে। তবে লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

আবেদনকারীদের পরীক্ষার কেন্দ্রের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম দিতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে।

আগামী ২০২৭ সালের ২ জানুয়ারি (শনিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা হবে বহুনির্বাচনী পদ্ধতিতে। পরীক্ষা হবে ১০০ নম্বরে। প্রশ্ন করা হবে ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী।

পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর।

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি আসন থাকায় এ অঞ্চলের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্যও কৃষি গুচ্ছের এ ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ।