প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬ ১২:৫৮ (বুধবার)
এবারের মিস ইউনিভার্স জেনিফার, সেরা ৩০ এর আগেই বিদায় মাহীর

ছবি: সংগৃহীত

সৌন্দর্যের সংজ্ঞা কখনো কেবল রূপের আয়নায় বন্দি থাকে না; এর সঙ্গে মিশে থাকে আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব আর নিজেকে মেলে ধরার অনন্য ক্ষমতা। সেই সৌন্দর্যের মঞ্চেই এবার আলো ছড়ালেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগীদের পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বসেরার মুকুট জয় করেছেন তিনি। তাঁর বিজয়ে উৎসবের রঙ ছড়িয়েছে স্বাগতিক পুয়ের্তো রিকোয়।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে বসে সৌন্দর্য ও মেধার এই মহারণের গ্র্যান্ড ফিনালে। আলোকোজ্জ্বল মঞ্চ, হাজারো দর্শকের উচ্ছ্বাস আর প্রতিযোগীদের আত্মবিশ্বাসী পদচারণায় যেন এক টুকরো স্বপ্নের পৃথিবী হয়ে উঠেছিল পুরো আয়োজন।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ডোমিনিকান রিপাবলিকার মেলিসা নুনিয়েজ, দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি, চতুর্থ রানারআপ নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন ।

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় সুযোগ ছিল বাংলাদেশের নাম উজ্জ্বল করার। তবে শেষ পর্যন্ত আসরের সেরা ৩০-এ জায়গা পেলেন না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে থাকা মাহি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি সেই অবস্থান। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম। তাই সমাপ্তি ঘটল সামিরা খান মাহির এবারের মিস ইউনিভার্স যাত্রা।

প্রথম পর্বেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরা ৩০ জনকে। এরপর সুইমস্যুট রাউন্ডে আত্মবিশ্বাসী উপস্থিতি আর শারীরিক সৌন্দর্যের নান্দনিক প্রকাশে নজর কাড়েন প্রতিযোগীরা। সেখান থেকে জায়গা করে নেন সেরা ১২ জন। ইভনিং গাউন পর্বে ঝলমলে পোশাকের আভিজাত্য, ব্যক্তিত্বের দীপ্তি আর মঞ্চে সাবলীল পদচারণায় শেষ পর্যন্ত নির্বাচিত হন সেরা পাঁচ।

এই পাঁচ সুন্দরীর তালিকায় ছিলেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ।

তবে মুকুটের লড়াই যে শুধু রূপের প্রতিযোগিতা নয়, তার প্রমাণ মেলে চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে। সেরা পাঁচে জায়গা করে নেওয়া প্রতিযোগীদের সামনে তখন খুলে যায় মেধা, মনন ও উপস্থিত বুদ্ধির শেষ দরজা। বিচারকদের দুটি প্রশ্নের উত্তর দিতে প্রত্যেকের হাতে ছিল মাত্র ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি ছিল আলাদা, দ্বিতীয়টি সবার জন্য অভিন্ন। অল্প সময়ের সেই উত্তরে ফুটে ওঠে তাঁদের চিন্তার গভীরতা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের পরিচয়।

সব পর্বের মূল্যায়ন শেষে শেষ হাসি হাসেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। তাঁর মাথায় ওঠে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর মুকুট। নিজের দেশের মঞ্চে বিশ্বসেরার স্বীকৃতি পাওয়া যেন তাঁর বিজয়ের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়।

জেনিফারের মাথায় শোভা পাচ্ছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের রাজকীয় মুকুট। ১৮ ক্যারেটের সাদা সোনা আর ৩ হাজার ১৫০টি হীরার সমন্বয়ে তৈরি এই মুকুট যেন আভিজাত্য ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। গত আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুটটি পরিয়ে দেন।

সেই মুহূর্তে হাজারো আলোর ঝলকানির মধ্যে জেনিফারের মাথায় শুধু একটি মুকুটই শোভা পায়নি, যুক্ত হয়েছে নতুন এক পরিচয়। সৌন্দর্যের বিশ্বমঞ্চে তাঁর নাম লেখা হলো বিজয়ীদের ইতিহাসে। আর পুয়ের্তো রিকোর জন্য দিনটি হয়ে রইল গর্ব, আনন্দ আর উদ্‌যাপনের এক স্মরণীয় অধ্যায়।
 বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই আসরে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ জন প্রতিযোগী। দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয় সেমিফাইনালের প্রতিযোগীদের। সেরা ৩০-এ নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত), পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নিকারাগুয়া। সবাইকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নেয় পুয়ের্তো রিকোর জেনিফার।