ছবি: সংগৃহীত
দেশের ৬৪ জেলার মধ্যে বাল্যবিয়ের হার সবচেয়ে কম সিলেটে। শুধু বাল্যবিয়েই নয়, শিশুদের প্রতি শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতনের হারও সবচেয়ে কম এ জেলায়। তবে প্রজনন হারে সিলেট জাতীয় গড়ের সমান অবস্থানে রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করে বিবিএস।
প্রতিবেদন অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। তবে এ ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সিলেট জেলা। এখানে বাল্যবিয়ের হার মাত্র ১২ দশমিক ৮ শতাংশ, যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন।
সিলেট বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বাল্যবিয়ের হার ২৪ দশমিক ৪ শতাংশ করে। হবিগঞ্জে এ হার ২৭ দশমিক ৪ শতাংশ।
বিপরীতে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ জেলাটির ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের প্রায় চারজনের মধ্যে তিনজনেরই বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা, যেখানে এ হার ৬৭ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া ভোলায় ৬৫ শতাংশ, সিরাজগঞ্জে ৬৩ দশমিক ১ শতাংশ, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯ শতাংশ, যশোরে ৬২ দশমিক ৩ শতাংশ এবং টাঙ্গাইলে ৬১ দশমিক ১ শতাংশ।
প্রজনন হারে জেলাভেদে বড় পার্থক্য
দেশে জেলাভিত্তিক প্রজনন হারে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। জাতীয় পর্যায়ে নারীদের মোট প্রজনন হার (টিএফআর) ২ দশমিক ৪০। সিলেট বিভাগের প্রজনন হারও একই, ২ দশমিক ৪০।
জেলাভিত্তিক হিসাবে প্রজনন হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়, ৩ দশমিক ৫০। দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগের মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এ ছাড়া নোয়াখালীতে ৩ দশমিক ০০, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।
অন্যদিকে সবচেয়ে কম প্রজনন হার খুলনা বিভাগের বাগেরহাটে, ১ দশমিক ৫০। যশোর, রাজবাড়ী ও নওগাঁয় এ হার ১ দশমিক ৭০। কুষ্টিয়া ও মানিকগঞ্জে ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে ১ দশমিক ৯০।
বিভাগভিত্তিক হিসাবে খুলনায় প্রজনন হার সবচেয়ে কম, ২ দশমিক ০০। বিপরীতে বরিশাল বিভাগে সর্বোচ্চ ২ দশমিক ৬০। চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ২ দশমিক ২০।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন দেশে মোট প্রজনন হার ২ দশমিক ৩-এ স্থিতিশীল থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ২ দশমিক ৪ হয়েছে। একই সময়ে গর্ভনিরোধক ব্যবহারের হার ৪ শতাংশ কমেছে এবং পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতি উদ্বেগজনক।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ২০২৫-২০৩০ মেয়াদের পরিবার পরিকল্পনা কৌশল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগ, গর্ভনিরোধক সরবরাহ নিশ্চিত করা এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। যেসব জেলায় প্রজনন হার বেশি, সেসব জেলায় বিশেষ ব্যবস্থা নিতে হবে। পরিবার পরিকল্পনায় সুনির্দিষ্ট পরিমাণগত লক্ষ্য নির্ধারণ ও কার্যকর বাস্তবায়ন ছাড়া প্রজনন হার নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।
শিশুদের প্রতি সহিংস আচরণেও সবচেয়ে ভালো অবস্থানে সিলেট
বিবিএসের প্রতিবেদনে শিশুদের প্রতি শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতনের চিত্রও উঠে এসেছে। দেশে ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৫ দশমিক ৭ শতাংশ জরিপের আগের এক মাসে কোনো না কোনো ধরনের শারীরিক শাস্তি বা মানসিক নির্যাতনের শিকার হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে এ হার সবচেয়ে বেশি বান্দরবানে, ৯৮ দশমিক ৭৭ শতাংশ। দিনাজপুরে ৯৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৯৪ দশমিক ২৩ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯৩ দশমিক ৮৪ শতাংশ এবং খাগড়াছড়িতে ৯৩ দশমিক ৫৫ শতাংশ।
অন্যদিকে শিশুদের প্রতি সহিংস আচরণের হার সবচেয়ে কম সিলেটে, ৬৩ দশমিক ৫১ শতাংশ। এ ছাড়া চাঁদপুরে ৭১ দশমিক ১৭ শতাংশ, বরগুনায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ এবং নওগাঁয় ৭৫ দশমিক ১১ শতাংশ।
প্রতিবেদনে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা এবং বাল্যবিয়ের ক্ষেত্রেও জেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে। গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতির ক্ষেত্রে কয়েকটি জেলা এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা।
প্রতিবেদন তৈরিতে দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রজননসংক্রান্ত তথ্যের ভিত্তিতে মোট প্রজনন হার নির্ধারণ করা হয়েছে।