প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬ ১৯:৪৫ (বুধবার)
আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিলুপ্তির নির্দেশনা চেয়ে রিট

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতজন জুলাই যোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ রিট দায়ের করেন। রিটে জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে এ নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারীরা হলেন- জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বহন করা হেলথ কার্ডধারী এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন। জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে রিটটি করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

রিট আবেদনে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে দেওয়া এ নিষেধাজ্ঞা সাময়িক উল্লেখ করে রিটে আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করা, সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। এসব অভিযোগের পক্ষে ১৭ ও ১৮ নভেম্বরের কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ ও বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা, নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে হত্যার অভিযোগ রয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা এবং ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও আবেদনে তুলে ধরা হয়েছে।

রিটে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’ বলে উল্লেখ করেছেন। আবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ দলটির পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন। রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে দেশে এসে বৈঠক করার অভিযোগও করা হয়েছে।

রিটে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। প্রস্তাবিত কমিটিকে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম-খুন ও ‘আয়নাঘর’, শ্বেতপত্রে উল্লেখিত অর্থ পাচার এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশি সম্পৃক্ততার অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, তদন্ত কমিটি ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেবে। পাশাপাশি দেশে-বিদেশে আওয়ামী লীগের অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানি শনাক্ত করে তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে দলটির কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী আওয়ামী লীগকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে দেশটির সরকারকে অনুরোধ করার নির্দেশনা চাওয়া হয়েছে। দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদের প্রত্যর্পণে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আবেদনও রয়েছে রিটে।