ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা, অন্যায্য বাণিজ্যচর্চা ও শ্রম সুরক্ষার ঘাটতির অভিযোগে বাংলাদেশসহ ১৪টি অর্থনীতির বিরুদ্ধে তদন্ত শেষে এ প্রস্তাব দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।
বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ প্রস্তাব ঘোষণা করেন। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ‘সেকশন ৩০১’-এর আওতায় পরিচালিত তদন্তের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউএসটিআরের অভিযোগ, বাংলাদেশের শিল্পনীতি, উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা, শ্রমিকদের অপর্যাপ্ত সুরক্ষা এবং আর্থিক নীতির কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক ও অ্যাপারেল খাতকে এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউএসটিআরের প্রস্তাবে বাংলাদেশের সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক বিবেচনার কথা বলা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে। পাশাপাশি বিদ্যমান সেকশন ৩০১-এর শুল্ক, সেকশন ২৩২-এর আওতায় আরোপিত শুল্ক এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্য চুক্তির অঙ্গীকারও বিবেচনায় নেওয়া হয়েছে।