প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬ ১৫:২৮ (বৃহস্পতিবার)
সিলেটে সুরমা নদীতে ডুবে বৃদ্ধ নিখোঁজ

সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে ফয়জুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিজের একটি নৌকা খুঁজতে নদী পার হওয়ার সময় তিনি পানিতে তলিয়ে যান বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের সামনে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ফয়জুল হক সাঁতরে সুরমা নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ ফয়জুল হকের বাড়ি কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী এলাকায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী জানান, ফয়জুল হক তার একটি নৌকা খুঁজে পাচ্ছিলেন না। সেটি খুঁজতে সাঁতরে সুরমা নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে।