ছবি: জেলা প্রশাসন, সিলেট।
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন অকেজো করা হয়েছে। এ ছাড়া দুটি বালুভর্তি বাল্কহেডের ইঞ্জিন বিকল, একটি বাল্কহেড ও তিনটি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত বালির হাওর ও নাইন্দার হাওর, সারী নদীর গোয়াইনঘাট অংশ, জাফলং ব্রিজসংলগ্ন এলাকা, জাফলং চা-বাগানের টাওয়ারসংলগ্ন এলাকা এবং গোয়াইন নদীর লেংগুরা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন অকেজো করা হয়। পাশাপাশি বালুভর্তি দুটি বাল্কহেড বা স্টিলবডি নৌযানের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। একটি বাল্কহেড ও তিনটি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।