ছবি: সংগৃহীত
দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার ৩১ লাখ ৩০ হাজার প্রাথমিক শিক্ষার্থীর জন্য ৫ হাজার ৪৫২ কোটি টাকার স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এ কর্মসূচিতে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। পাঁচ দিনে একজন শিক্ষার্থীর পেছনে ব্যয় হচ্ছে ১৮৯ টাকা ৬০ পয়সা। সে হিসাবে দৈনিক গড় ব্যয় ৩৭ টাকা ৯২ পয়সা।
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছর মেয়াদে এ কর্মসূচি চলবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে।
কার্যপত্র অনুযায়ী, শিক্ষার্থীদের বয়স, দৈনিক পুষ্টির চাহিদা, স্থানীয়ভাবে খাদ্যের প্রাপ্যতা ও নিরাপদ সংরক্ষণের সুবিধা বিবেচনায় খাবারের তালিকা তৈরি করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন এ খাবার দেওয়া হয়। রোববার দেওয়া হয় ফর্টিফায়েড বিস্কুট। সোমবার কলা, ইউএইচটি দুধ, বনরুটি ও সিদ্ধ ডিম দেওয়া হয়। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেওয়া হয় বনরুটি ও সিদ্ধ ডিম।
কর্মসূচির আওতায় ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে।
৬৫ হাজার ল্যাপটপের ৫৯৮টি অচল
কার্যপত্রে প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা ল্যাপটপের তথ্যও তুলে ধরা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬৫ হাজার ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ৪০২টি সচল এবং ৫৯৮টি অচল রয়েছে।
তবে বিতরণ করা ল্যাপটপ ও অন্যান্য যন্ত্রপাতি তদারকির জন্য এখনো কোনো ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যদিও যন্ত্রপাতি কেনা ও বিতরণ ব্যবস্থাপনার জন্য ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (আইপিইএমআইএস) একটি মডিউল চালু রয়েছে।
পাঁচ বছরে দক্ষ করা হবে ৫০ লাখ মানুষ
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে আগামী পাঁচ বছরে ঝরে পড়া ও শিক্ষার বাইরে থাকা ৫০ লাখ মানুষকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন বয়সী শিশু, কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের জন্য পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে সহকারী শিক্ষকদের পদোন্নতির জন্য গ্রেডেশন তালিকা তৈরির কাজ চলছে। সরাসরি নিয়োগের কোটায় প্রধান শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে। সব শিশুর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর বিষয়ে জাতীয় পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন বলেও কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
পিইডিপি-৫-এ যেসব পরিকল্পনা
পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) সারসংক্ষেপে শিক্ষকদের জন্য ‘এক শিক্ষক, এক ট্যাব’ এবং শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বিদ্যালয়ে বিনা মূল্যে ওয়াই-ফাই, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং ‘এক শিশু, এক গাছ’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, প্রাক্-প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, আনন্দময় ও দক্ষতাভিত্তিক শিক্ষা এবং শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর ক্ষেত্রে কোনো অঞ্চলের সব বিদ্যালয়কে কর্মসূচির আওতায় আনা, নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রত্যেক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়ন এবং দেশে সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
কমিটি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বাড়ানো এবং শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার পরামর্শ দিয়েছে। শ্রেণিকক্ষে এমনভাবে পাঠদান নিশ্চিত করার কথা বলা হয়েছে, যাতে শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাইরে প্রাইভেট বা কোচিংয়ে পড়তে না হয়।
এ ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনেরও সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সাদিক রিয়াজ, ইলিয়াস মোল্লা, মোক্তার আলী এবং মাহফুজা হান্নান অংশ নেন।