ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত মৌলভীবাজারের যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করেছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু; কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী, আছনাজ চৌধুরী ইমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী ও ইজ্জাদুর রহমান এবং সদস্য সিপার আহমদ। এ ছাড়া কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূঁইয়ার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।