প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬ ০১:৩২ (শুক্রবার)
কুয়েতের বিমানবন্দরে ইরানের হামলায় ইতালির ২ নাগরিক নিহত

ছবিঃ সংগৃহীত

কুয়েতে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চালানো এ হামলায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত ব্যক্তিরা জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখার কর্মী ছিলেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়েতের একটি সামরিক স্থাপনায় ইরানের কয়েকটি ড্রোন হামলা চালায়। এর মধ্যে একটি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার শনাক্তকরণ কেন্দ্রে আঘাত হানে। ওই সময় সেখানে কাজ করছিলেন নিহত দুই ইতালীয় প্রযুক্তিবিদ।

তায়ানি বলেন, হামলার ফলে স্থাপনাটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। কুয়েত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই বিস্ফোরণেই দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত দুজন কুয়েতের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার শনাক্তকরণ অ্যানটেনার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তিনি নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অন্যদিকে, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুই ইতালীয় নাগরিকের পাশাপাশি আরও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের একজন কুয়েতের এবং অন্যজন পাকিস্তানের নাগরিক। দেশটির একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতেও নিহত দুই ইতালীয় নাগরিকের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

এদিকে, হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।