ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শ্রমিকেরই লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোবাশ্বিরের (২৬) লাশ উদ্ধারের পর আজ শুক্রবার সকালে মারুফের (১৯) লাশও নদীতে ভেসে ওঠে। নিহতরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করে রাখা ৬৫০ ফুট ধারণক্ষমতার বালুবাহী নৌকাটিতে ('তমা নৌপরিবহন') হঠাৎ পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার সময় নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা মোবাশ্বির ও মারুফ পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার দুপুরে পুলিশ মোবাশ্বিরের লাশ উদ্ধার করে এবং শুক্রবার সকালে মারুফের লাশ সুরমা নদীতে ভেসে ওঠে।
নৌকায় থাকা অপর চার শ্রমিকের মধ্যে মোস্তাকিম (২২) ও সুমন (২০) আহত হলে তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ আছেন।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালায়। জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক নৌকাডুবি ও নিখোঁজদের উদ্ধারে অভিযানের বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন।