প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬ ১১:৫৪ (শুক্রবার)
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২৩৫

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও সন্দেহজনক হাম নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে।

একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৬৩ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৫২৮ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫২৮ রোগীর মধ্যে ৪৪৮ জন সরকারি এবং ৮০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন সিলেটের দুটি হাসপাতালে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ৪৪ জনসহ মোট ১৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নতুন ৩৬ জনসহ ভর্তি রয়েছেন ১০৭ জন। এ ছাড়া হবিগঞ্জের জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৯৪ জন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে মোট ১ হাজার ৮৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪০ জন।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি হাম রোগী শনাক্ত হয়েছেন সুনামগঞ্জে। এ জেলায় আক্রান্তের সংখ্যা ৯৪৬। এ ছাড়া সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৮৬ এবং মৌলভীবাজারে ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এদিকে চলতি বছরে বিভাগে হাম ও সন্দেহজনক হাম নিয়ে মোট ২৩৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাঁদের মধ্যে পরীক্ষাগারে হাম নিশ্চিত হয়েছিল ১০ জনের। বাকি ২২৫ জন ছিলেন সন্দেহজনক হাম রোগী।

 সংক্রমণের পাশাপাশি হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।