ছবি: সংগৃহীত
বিশ্বরেকর্ড গড়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকা বৈভব সূর্যবংশীর সেই ব্যাটিং ঝলকের আর কোনো মূল্য থাকল না। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১৪.২ ওভারে লক্ষ্য তাড়া করে আলোড়ন সৃষ্টি করেছিল ভারত ‘এ’ দল। বৈভবও গড়েছিলেন দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড। কিন্তু পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেই আগ্রাসী ব্যাটিংয়ের ছিটেফোঁটাও দেখা যায়নি ভারতীয় তরুণদের মধ্যে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে সেমিফাইনালে হেরে এশিয়া কাপ রাইজিং স্টারস থেকে বিদায় নিতে হলো ভারতকে।
শুক্রবার দোহা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৩১৮ রানের বড় লক্ষ্য দিয়েও শেষ রক্ষা হয়নি ভারতের। বরং লঙ্কান দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে রীতিমতো উড়ে গেছে সূর্যবংশী-তিলক ভার্মাদের দল। ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
অথচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে ভারতকে শিরোপার অন্যতম দাবিদার মনে হচ্ছিল। সেই ম্যাচে মাত্র ৮৪ বলে ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন এই তরুণ ব্যাটার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই ১৩৭ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত। কিন্তু তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের সামনে সেই দাপট ধরে রাখতে পারেনি দলটি। যদিও আগের ম্যাচেও পাকিস্তানের সাথেও হেরেছিল ভারত। সেদিনও ব্যর্থ হয়েছিলেন বৈভব সূর্যবংশী। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় ভারতীয় ব্যাটিং লাইনআপ।
শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালেও বৈভব সূর্যবংশী নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এদিন ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রান করে আউট হন তিনি। যে ব্যাটে বিশ্বরেকর্ডের জন্ম হয়েছিল, সেই ব্যাট থেকেই গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ইনিংস আসেনি।
শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য শুরুতে ভালোই করেছিল ভারত। বৈভব ও অভিষেক শর্মার উদ্বোধনী জুটিতে ৮ ওভারে আসে ৮০ রান। অভিষেক করেন ৭৮ রান। অধিনায়ক তিলক ভার্মার ব্যাট থেকে আসে ৫৩ রান। শেষদিকে শেহবাজ আহমেদের অপরাজিত ৫৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রানের বড় সংগ্রহ পায় ভারত।
তবে ভারতের এই বড় সংগ্রহকে মামুলি বানিয়ে দেন শ্রীলঙ্কার দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনে। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ১৭৪ রান। ৭০ বলে ১০৫ রান করে জয়াবর্ধনে ফিরলেও থামেননি ক্রুসপুল্লে। পরে নিশান মাদুশকার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে জয়ের পথ সহজ করেন তিনি। ১০৭ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ক্রুসপুল্লে। মাদুশকার ৫৮ ও অধিনায়ক পভন রত্ননায়েকের ১৬ বলে অপরাজিত ৩১ রানে ৪১.৩ ওভারেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
এ ম্যাচের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ব্যক্তিগত রেকর্ড গড়া আর শক্তিশালী দলের বিপক্ষে চাপের মুখে পারফর্ম করা এক বিষয় নয়। বৈভব সূর্যবংশীর বিশ্বরেকর্ড নিয়ে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলীয় ব্যর্থতায় তা অনেকটাই ম্লান হয়ে গেল। পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষের বিপক্ষে বড় ইনিংস খেলতে না পারার খেসারত দিতে হলো পুরো দলকে।
এবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দলের। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আগামী ২৯ নভেম্বর ফাইনালে খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দল। আর বিশ্বরেকর্ডের আলো ছড়িয়েও টুর্নামেন্টের ফাইনালে জায়গা হলো না ভারতের।