প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬ ১৪:০২ (শুক্রবার)
সিলেটের মাজার এলাকা থেকে ৯ বছরের শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ছবি: সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ী থেকে কাউকে কিছু না জানিয়ে বাসযোগে সিলেটে চলে আসা ৯ বছরের শিশু রাফাতুল ইসলাম সিয়ামকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) শিশুটিকে তার অভিভাবকের জিম্মায় নিরাপদে বুঝিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নিজ বাসা ঢাকার যাত্রাবাড়ী থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায় শিশু রাফাতুল ইসলাম সিয়াম। পরে বাসযোগে সিলেটে এসে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় পৌঁছায় সে।

একই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাজার এলাকায় এক অপরিচিত নারীর সঙ্গে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় শিশুটিকে। বিষয়টি নজরে আসার পর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়।

এদিকে শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তা নেয় পুলিশ। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তার অভিভাবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার শিশুটিকে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শিশুটিকে উদ্ধার ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।