ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তার ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট গণমাধ্যমকে এই তথ্য জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে গাছের ডাল দিয়ে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোড এলাকায় বিশৃঙ্খলার খবর পায় তারা। সেখানে প্রায় ৫০ জন ব্যক্তি জড়ো হয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জড়িত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান।
এ ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁদের কারও আঘাত গুরুতর ছিল না বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এর অংশ হিসেবে ব্যাপকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর বয়সী ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের (পাবলিক অর্ডার অ্যাক্ট) ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, এ সহিংস বিশৃঙ্খলা রেডব্রিজ এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। অনেকেই নিজেদের বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিরা সেখান থেকে চলে যান। তাঁদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী গ্রেপ্তার হননি বলে নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক। তিনি জানিয়েছেন, তাঁদের দলের কেউ গ্রেপ্তার হওয়ার খবর নেই।
অন্যদিকে আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস জানিয়েছেন, তাঁদের ছয়-সাতজনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। তিনি শুক্রবার বিকেল ৩টায় থানায় গিয়ে নিজের বক্তব্য দেন এবং রাত ১০টায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে বলে তিনি শুনেছেন।
তবে গ্রেপ্তার ছয়জনের নাম ও রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হলেও লন্ডন মেট্রোপলিটন পুলিশ তা প্রকাশ করেনি।
সংঘর্ষের ঘটনায় তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্তে সহায়ক হতে পারে-এমন সিসিটিভি কিংবা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ থাকলে ১০১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ। এ ক্ষেত্রে CAD 7004/16NOV রেফারেন্স নম্বর উল্লেখ করতে বলা হয়েছে।