ছবি: সংগৃহিত
মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সিলেটের যুবসমাজকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ জন্য সিলেটে ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ চালুর তাগিদ দিয়েছেন তিনি। একই সঙ্গে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেট দীর্ঘদিন ক্রীড়াবিমুখ ছিল। নির্বাচনের সময় আমরা বারবার বলেছি, মাদকাসক্তি ও অনলাইন জুয়া থেকে যুবকদের বাঁচাতে হবে। এ জন্য ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্তদের আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আপনাদের দায়িত্ব হলো, যত দ্রুত সম্ভব সিলেটে ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ চালু করা।’
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকায় সিলেটের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
টুর্নামেন্টের উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের সময়ে ক্রীড়াঙ্গন কতটা গতি পেয়েছে, সিলেটের এই আয়োজন তারই প্রমাণ। ১২ বছর বয়সে এই সিলেট জেলা স্টেডিয়াম থেকেই নিজের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল উল্লেখ করে তিনি সিলেটের প্রতি গভীর ভালোবাসার কথা জানান।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকারের ক্ষমতা গ্রহণের নয় মাস অতিক্রম করেছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্র বদলে দেওয়া হবে। তখন অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে বাংলাদেশ শুধু অংশগ্রহণের জন্য যাবে না, পদকের জন্য লড়াই করবে।
তিনি আরও জানান, আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে। দলমত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি টুর্নামেন্টে জৈন্তাপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, মাহবুব আলী খান ছিলেন সিলেটের শ্রেষ্ঠ সন্তান। দূরদর্শিতার মাধ্যমে তিনি সমাজে নেতৃত্ব দিয়েছেন। নতুন প্রজন্মের উচিত তাঁর আদর্শ অনুসরণ করা।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের এই ঐতিহ্যবাহী মাঠ থেকে বহু খেলোয়াড় ফুটবল, ক্রিকেট ও হকিতে জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু বিগত ১৭ বছর মাঠে কোনো খেলাধুলা হয়নি। কেবল নামসর্বস্ব ফেডারেশন ছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খেলোয়াড়েরা যেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারেন, সেই লক্ষ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রী সারাদেশে খেলাধুলা মাঠে ফিরিয়ে এনেছেন। তারই ধারাবাহিকতায় সিলেটে এ আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানান, এবারের টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশনের একটি দলসহ জেলার ১৩টি উপজেলা থেকে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা দল মুখোমুখি হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।