সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী (ছবি ইমজা নিউজ)
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা যাওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কাফকোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছে। এ কারণে সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজান সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।
ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে বা পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়েছে। সে কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে। উৎস পর্যায়ে দাম বাড়লে তার প্রভাব দেশের বাজারেও পড়ে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে অনুষ্ঠানে কাফকোর সিএসআর কর্মসূচির আওতায় ৪১ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য মোট ৩২ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, চলাচলের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
উল্লেখ্য, গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে লেনদেন করতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকরা। টাকা পাঠানো ও গ্রহণ-দুই ধরনের লেনদেনই ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে গ্রাহকদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে বিভিন্ন হিসাব বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনভরও এ কার্যক্রম অব্যাহত ছিল। ফলে অনেক গ্রাহক তাঁদের হিসাবে থাকা টাকা ব্যবহার করতে পারছেন না। কারও হিসাবে হাজার টাকা, আবার কারও হিসাবে লাখ টাকাও আটকে রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে কিংবা তুলতে গিয়ে এজেন্ট পয়েন্ট থেকে ফিরে যেতে হয়েছে অনেক গ্রাহককে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে না পারায় কিছু দোকানের কার্যক্রমও ব্যাহত হয়েছে। বিশেষ করে দৈনন্দিন কেনাকাটা, ছোট ব্যবসা এবং ব্যক্তিগত আর্থিক লেনদেনে এসব সেবার ওপর নির্ভরশীল মানুষ বেশি সমস্যায় পড়েছেন।
এ বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিধিমালা অনুযায়ী কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্ট হিসাবগুলো খুলে দেওয়া হবে, নাকি বন্ধ রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।