ছবি: সংগৃহীত
সামরিক শক্তি বাড়াতে নৌবহরে নতুন পারমাণবিক সাবমেরিন যুক্ত করল রাশিয়া। ‘পার্ম’ নামের সাবমেরিনটি রাশিয়ার তৈরি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত প্রথম সাবমেরিন বলে দাবি করেছে মস্কো। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কে এক অনুষ্ঠানে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে নৌবহরে যুক্ত হলো নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ‘পার্ম’ নামের এই সাবমেরিনে রয়েছে রাশিয়ার তৈরি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। মস্কোর দাবি, জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত প্রথম সাবমেরিন এটি।
শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে সাবমেরিনটির আনুষ্ঠানিক হস্তান্তর ও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে অনুষ্ঠানের বিষয়টি জানানো হয়েছে।
অনুষ্ঠানে পুতিন বলেন, শক্তিশালী পারমাণবিক সাবমেরিন এবং বৈশ্বিক পাল্লা ও কৌশলগত গুরুত্বসম্পন্ন অস্ত্র তৈরির সক্ষমতা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের রয়েছে। রাশিয়া সেই দেশগুলোর অন্যতম।
রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থান ও অভিযান পরিচালনার সক্ষমতা থাকায় শত্রুপক্ষের হামলার পরও এসব সাবমেরিন থেকে পাল্টা আঘাত হানা সম্ভব।
এদিকে, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন পুতিন। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির। নতুন ‘পার্ম’ সাবমেরিনটিও একই শ্রেণির।
পুতিনের ভাষ্য, এসব সাবমেরিন বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করতে সক্ষম। পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে এগুলোর।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। একটি শক্তিশালী নৌবহর গড়ে তোলার লক্ষ্যে নেওয়া সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
বিশ্লেষকদের মতে, নতুন এই সাবমেরিন রাশিয়ার সমুদ্রভিত্তিক সামরিক সক্ষমতা ও কৌশলগত প্রতিরোধ শক্তি বাড়ানোর প্রচেষ্টার অংশ। তবে এর মাধ্যমে বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় মস্কোর অবস্থান আরও জোরালো করার বার্তাও দিচ্ছে ক্রেমলিন।