ছবি: সংগৃহীত
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের দক্ষিণ সুরমার তেতলী গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় সংসদ সদস্য ও তার স্ত্রী বাড়িতেই ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাড়িটি সিলেট ঢাকা মহাসড়কের পাশে। দুবৃর্ত্তরা বাড়ির টিনের চালে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। শুক্রবার গভীর রাতে এ হামলার পর বাড়ির কিছু অংশে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাড়িটি। এ সময় বাড়িতে সংসদ সদস্য এম. এ. মালেক ও তার স্ত্রী অবস্থান করছিলেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে স্থানীয় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি ইমরান জানান, হামলায় বাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এ হামলার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।