প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫ ১৪:৫৮ (শনিবার)
নারী এশিয়ান কাপে ইতিহাস গড়ে বিশ্বকাপের পথে বাংলাদেশ

ছবি: সংগ্রহ

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এই আসর বিশ্বকাপ বাছাইপর্ব হিসেবেও কাজ করবে, ফলে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপের টিকিটও মিলতে পারে ঋতুপর্ণাদের।

চলতি বাছাইপর্বে গ্রুপের প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নেয় বাংলাদেশ। গতকাল স্বাগতিক মিয়ানমারকে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে হারায় বাংলাদেশ। পরে গ্রুপের আরেক ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যে ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে বাংলাদেশ।

নারী এশিয়ান কাপের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের অংশগ্রহণ। ১৯৭৫ সালে শুরু হওয়া এশিয়ান কাপের প্রথম ২০ আসরে অংশ নিয়েছে মোট ২২টি দেশ। ২৩তম দল হিসেবে বাংলাদেশের নাম এখন সেই তালিকায় যুক্ত হলো।

এশিয়ান কাপে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচটি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে  স্বাগতিক অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও বাংলাদেশ।

এক নজরে ২০২৬ নারী এশিয়ান কাপ
আয়োজক: অস্ট্রেলিয়া, তারিখ: ১-২১ মার্চ, ২০২৬, দল সংখ্যা: ১২, ভেন্যু: ৫টি স্টেডিয়াম, ৩টি শহর

চূড়ান্ত পর্বের খেলা হবে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়া ও ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, গোল্ড কোস্টের গোল্ড কোস্ট স্টেডিয়াম এবং পার্থের রেকটাঙ্গুলার ও পার্থ স্টেডিয়ামে।

২০২৬ নারী এশিয়ান কাপে ভালো করলে ঋতুপর্ণা চাকমাদের সামনে খুলে যেতে পারে নারী ফুটবল বিশ্বকাপে খেলার দ্বারও। এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিচ্ছে।