প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫ ১৫:১৩ (শনিবার)
নৌকায় আটলান্টিক পাড়ি, তিনটি বিশ্বরেকর্ড জারার

ছবি: সংগ্রহ

মাত্র ২১ বছর বয়সে আটলান্টিক মহাসাগর একা নৌকায় পাড়ি দিয়ে একসঙ্গে তিনটি গিনেস বিশ্বরেকর্ড গড়েছেন যুক্তরাজ্যের জারা লকলান। ২৪ ফুট দীর্ঘ নৌকায় নিজেই বৈঠা চালিয়ে তিনি পর্তুগালের লাগোস শহর থেকে পাড়ি জমিয়ে দক্ষিণ আমেরিকার ফরাসি গায়ানায় পৌঁছান। এই দীর্ঘ যাত্রায় তিনি অতিক্রম করেছেন প্রায় ৪ হাজার ৩৬৬ মাইল। সময় লেগেছে ৯৭ দিন ১০ ঘণ্টা ২০ মিনিট।

এই অসাধারণ অভিযানে জারা অর্জন করেছেন তিনটি রেকর্ড। এই পথে একা নৌকা চালিয়ে পৌঁছানো প্রথম নারী, ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকায় একা পাড়ি দেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি  এবং বিশ্বে কোনো মহাসাগর একা অতিক্রম করা সবচেয়ে কম বয়সী নারী।
জারার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও বড় হয়েছেন যুক্তরাজ্যে। শারীরিক সক্ষমতা বাড়াতে তিনি ভর্তি হয়েছিলেন সামরিক কলেজে। পরে লাফবারো ইউনিভার্সিটিতে পদার্থবিদ্যা পড়ার সময় থেকেই রোয়িংয়ে আগ্রহ তৈরি হয়।
২০২৪ সালের ২৭ অক্টোবর যাত্রা শুরুর আগে তাঁর প্রস্তুতির সময় ছিল মাত্র তিন মাস। এর মধ্যেই রোয়িং শেখা, নৌকা প্রস্তুত করা এবং ৮০০ কেজি খাদ্য ও সরঞ্জাম সংগ্রহের কাজ সম্পন্ন করেন তিনি।
প্রথম ৪০ দিন ছিল সবচেয়ে কঠিন। প্রবল ঝড়, প্রতিকূল আবহাওয়া এবং মন্থর অগ্রগতিতে হতাশ হয়ে পড়েছিলেন। ৪০তম দিনে তাঁর নৌকাটি উল্টে যায়, ফোন ভেঙে যায়, আর বাকি ৫৭ দিন কাটে সম্পূর্ণ নিঃসঙ্গভাবে। প্রতিদিন গড়ে ১৭ ঘণ্টা বৈঠা চালিয়েছেন জারা এবং টানা চার ঘণ্টার বেশি কখনো ঘুমাননি।

যাত্রাপথে ভয়ানক কিছু অভিজ্ঞতাও হয়েছে তাঁর, একবার ব্যারাকুডা মাছ পায়ে কামড় দেয়, আরেকবার হাঙরের উপস্থিতি তাঁকে আতঙ্কিত করে তোলে। তবুও তিনি বলেন, ‘আমি পুরো অভিজ্ঞতাটা দারুণ উপভোগ করেছি। ভাবিনি এতটা ভালো লাগবে।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁর এই কীর্তিকে আখ্যা দিয়েছে: ‘অফিশিয়ালি অ্যামেজিং!’