প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫ ১৩:৫৮ (শনিবার)
সাবেক সিইসি শামসুল হুদা আর নেই

ছবি: সংগ্রহ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইউনাইটেড হসপিটাল লিমিটেডের জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. মো. ফজলেরাব্বী খান জানান, সকাল ১০টার দিকে তাকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
বর্তমানে তার মরদেহ হাসপাতালেই রাখা আছে। পরিবার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী একমাত্র মেয়ে দেশে ফিরলে জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে।
এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অস্থিরতা ও সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালনের সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।