ছবি: সংগ্রহ
সিলেটে হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যরা মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ৩ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন। সিলেট সিভিল সার্জন অফিসের সামনের সড়কে বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বক্তারা বলেন, 'মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত।'
তারা বলেন, ' দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও তারা শুধু আশার বাণীই পেয়ে এসেছেন। তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।'
তারা নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান করা ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও টেকসই হবে। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের নিরসনের লক্ষ্যে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনায় নিয়ে সরকার তাদের প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুস সালাম জানান, এ কর্মসূচি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদন দিয়ে দাবি ও কর্মসূচি বিষয়ে অবগত করা হয়েছে। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী দাবি দ্রুত বাস্তবায়ন না করলে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে।
স্বাস্থ্য সহকারীদের প্রস্তাবিত ৬ দফা দাবি সমূহ হলো: নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করা, বেতন স্কেলে উন্নীতকরনের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করা, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম গ্রেড দেওয়া।