প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫ ১২:২৫ (বৃহস্পতিবার)
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের উদ্যোগ

ছবি: সংগ্রহ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।

নতুন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থী হবেন নির্দলীয় (স্বতন্ত্র)। নির্বাচন বিশেষজ্ঞ ও সংস্কার কমিশন আগে থেকেই দলীয় প্রতীক বাতিলের সুপারিশ করছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি তাদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। এনসিপিসহ কয়েকটি দলও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে।

তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মনে করেন, চারটি আলাদা অধ্যাদেশের পরিবর্তে একটি অভিন্ন আইন করা যেত এবং একদিনেই নির্বাচন সম্ভব হতো। এভাবে খণ্ড খণ্ড সংস্কার কাঙ্ক্ষিত সুফল নাও আনতে পারে।

বর্তমানে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে প্রায় পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে জেলা পরিষদে সরাসরি ভোট না হওয়ায় সেখানে দলীয় প্রতীক বাতিলের বিষয়টি বিবেচনায় আনা হয়নি।

অন্তর্বর্তী সরকারের অধীনে বর্তমানে অনেক স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। প্রশাসক নিয়োগ দিয়ে চলছে কার্যক্রম। নতুন কাঠামোতে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।