প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ ১৫:৩৪ (বৃহস্পতিবার)
সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে পতন

সিলেটের সরকারি অগ্রগামী স্কুলের শিক্ষার্থী (ছবি:ইমজা নিউজ)

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার করেম গেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার নেমে এসেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে, যেখানে গত বছর এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। ফলে এবার পাসের হার কমেছে প্রায় ১৪ দশমিক ৬০ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
এবারও মেয়েরা পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। ছাত্রীদের মধ্যে পাস করেছে ৭১ দশমিক ০৩ শতাংশ, আর ছাত্রদের মধ্যে পাস করেছে ৬৫ দশমিক ৮৮ শতাংশ। টানা দশমবারের মতো মেয়েরা এগিয়ে থাকল পাসের হারে।
এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় অনেক কম। ২০২৪ সালে জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। ফলাফলে যেমন পাসের হার কমেছে, তেমনি কমেছে সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। পরীক্ষায় অংশ নিতে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। তবে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন। ফলে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অংশ নেয় পরীক্ষায়।
শিক্ষাবোর্ডগুলোর ফল বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সমান থাকলেও পাশের হারে বড় রকমের পতন ঘটেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।